|
ঢাকা, ২৯ জুলাই (শীর্ষ নিউজ ডেস্ক): শচীনের ৫ম ডবল সেঞ্চুরিতে ড্রর দিকে এগুচ্ছে ভারত ও শ্রীলঙ্কার মধ্যকার কলম্বো টেস্ট। তিনি ৩৪৭ বলে ২৩ চার ও ১ ছয়ের সাহায্যে ২০৩ রান করে দিলশানের বলে আউট হন। তবে, ৫ম উইকেট জুটিতে শচীন-রায়নার ২৫৬ রানের পার্টনারশিপ অনেকটাই চাপ মুক্ত করেছে ভারতকে। এ ম্যাচে শচীনকে দারুণ সঙ্গ দিয়েছেন যুবরাজের বদলে খেলতে নামা সুরেশ রায়না। ওয়ানডে ক্রিকেটারের তকমা লেগে যাওয়া রায়নাও খেলেছেন দারুণ
এক ইনিংস। ২২৮ বলে ১২ চার ও ২ ছয়ের সাহায্যে তিনি করেন ১২০ রান। তিনি যখন ব্যাট করতে নামেন তখন একটু হলেও ফলোঅনের শঙ্কার মধ্যে ছিলো ভারত। কিন্তু রায়নার এ ডেব্যু সেঞ্চুরি ওই আশঙ্কাকে উড়িয়ে দিয়েছে কলম্বো স্টেডিয়ামের বাইরে। ৪র্থ দিনের শেষ মুহূর্তেও প্রথম ইনিংস চলায় ড্রয়ের দিকেই এগুচ্ছে এ টেস্ট। আজ কলম্বো টেস্টের চতুর্থ দিন শেষে প্রথম ইনিংসে ৯ উইকেট হারিয়ে ৬৬৯ রানে ব্যাট করছে ভারত। ১২ সেশনে মাত্র ১৪ উইকেট পড়া প্রাণহীন কলম্বো টেস্ট গড়াচ্ছে নিষ্ফল ড্রয়ের দিকে। ১২ সেশনে ব্যাটসম্যানরা সংগ্রহ করেছেন ১৩১১ রান। ইতিমধ্যে ২টি ডবল সেঞ্চুরি, তিনটি সেঞ্চুরি ও ৫টি ফিফটি দেখে ফেলেছে কলম্বো টেস্ট। তৃতীয় দিন থেকে কলম্বোর পিচে বল একটু ঘুরতে শুরু করলেও তাতে শচীন-রায়নার খুব একটা বেগ পেতে হয়নি। গল টেস্টে হেরে ৩ টেস্টের সিরিজে পিছিয়ে পড়া ভারত ইতিমধ্যে শ্রীলঙ্কার দেয়া রান টপকে গেছে। ভারত ব্যাট করতে নেমে দুই ওপেনারের জোড়া ফিফটির ওপর ভর দিয়ে দারুণ সূচনা করে। শেবাগ ৯৯, মুরালি বিজয় ৫৮ রান করে ৪ রানের ব্যবধানে আউট হয়ে গেলে ভারত চাপে পড়ে যায়। এরপর দ্রাবিড় মাত্র ৩ ও লক্ষ্মণ ২৯ রানে প্যাভিলিয়নে ফিরে এলে ভারত ফলোঅনের শঙ্কায় পড়ে। ২৪১ রানে ৪ উইকেট হারানো ভারতকে সেখান থেকে টেনে তোলেন শচীন ও রায়না। তারা আউট হয়ে গেলেও ভারতের অধিনায়ক ধোনি ৭৬ রান করে আউট হন। শ্রীলঙ্কার পক্ষে ৩টি করে উইকেট নিয়েছেন অজন্তা মেন্ডিস ও দিলশান। এছাড়া ২ উইকেট পেয়েছেন রনদিব। এর আগে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় শ্রীলঙ্কা। সাঙ্গাকারার ২১৯, জয়াবর্ধনের ১৭৪ ও পারানাভিতানার ১০০ রানের ওপর ভর দিয়ে কলম্বো টেস্টের প্রথম ইনিংসে ৪ উইকেটে ৬৪২ রান তুলে ইনিংস ঘোষণা করে শ্রীলঙ্কা। ভারতের ৪ জন বোলার নিয়েছেন ১টি করে উইকেট। গল টেস্ট হেরে সিরিজে পিছিয়ে থাকা ভারত এ সিরিজ ২-০ ব্যবধানে হেরে গেলে শীর্ষ স্থান হারাবে শ্রীলঙ্কার কাছে। (শীর্ষ নিউজ ডটকম/ অমি/ এস/ সস/ ১৮.০০ঘ.) |