|
 ঢাকা, ২৯ জুলাই (শীর্ষ নিউজ ডটকম): কেন্দ্রীয় ব্যাংক প্রণীত নীতিমালা আন্তরিকতার সাথে মেনে চলে ঝুঁকিমুক্ত ব্যাংকিং ব্যবস্থা গড়ে তুলতে আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আতিউর রহমান। আজ বৃহস্পতিবার সকালে রাজধানীর হোটেল শেরাটনে তিন দিনব্যাপী তৃতীয় ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান মেলার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ আহবান জানান। এছাড়া সাময়িক লাভের আশায় দীর্ঘমেয়াদি ব্যাংকিং খাতকে বাড়তি ঝুঁকির
মুখে ফেলে দেয়া সমীচীন হবে না বলেও তিনি মন্তব্য করেন। তিনি বলেন, বিশ্ব অর্থনৈতিক মন্দায় সারা বিশ্বের ব্যাংকিং খাতে যখন ধস নামে তখন বাংলাদেশের ব্যাংকিং খাতের স্থিতিশীলতা বিশ্ববোদ্ধাদের অবাক করে দিতে সক্ষম হয়েছে। তবে এতে আত্মতুষ্টির কোন সুযোগ নেই। ব্যাংকিং ব্যবস্থাকে আরও সুদূঢ় করতে হবে। তিনি বলেন, বাংলাদেশের উন্নয়নের সংগ্রামে ব্যাংকিং খাতের অবদান অনস্বীকার্য। পরিবর্তিত বিশ্ব পরিস্থিতে মানুষের গতানুগতিক চাহিদায় প্রতিনিয়ত যোগ হচ্ছে নতুনত্ব। তাই ব্যবসায়িক স্বার্থেই আর্থিক খাতের সেবাধর্মী প্রতিষ্ঠান ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোকে সচেতন ও উদ্ভাবনী সামর্থ্য সৃষ্টিতে মনোযোগী হতে হবে। তিনি বলেন, ব্যাংকিং কমিউনিটি সমাজেরই একটি অংশ। সমাজ ও ব্যাংকের মধ্যে যে সেতু বন্ধন রয়েছে এ মেলার মাধ্যমে তা উঠে আসবে। গভর্নর আরও বলেন, বাজার অর্থনীতিতে ব্যাংক সম্পর্কে যে তথ্য বিভ্রাট রয়েছে, এ মেলার মাধ্যমে অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলো তাদের গ্রাহকদের মধ্যে অবাধ ও সঠিক তথ্য তুলে ধরতে সক্ষম হবেন। ফলে ব্যাংকিং ব্যবসার ইতিবাচক প্রসার ঘটবে বলে তিনি আশা করেন। প্রযুক্তি নির্ভর বাংলাদেশ গড়তে ব্যাংকগুলোর ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করে গভর্নর বলেন, অটোমেশন, ইলেকট্রনিক ও ডিজিটাল ব্যাংকিং-এর ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংক অগ্রণী ভূমিকা পালন করছে। এছাড়া মূল্যস্ফীতিও আর্থিক স্থিতিশীলতা নিয়ন্ত্রণের মাধ্যমে ব্যাংকিং খাতকে গণমুখী করতেও কেন্দ্রীয় ব্যাংক কাজ করে যাচ্ছে। মানবিক কল্যাণে ব্যাংকিং কার্যক্রমে ব্যাংকগুলোকে আরও মনোযোগী হওয়ার আহবান জানিয়ে তিনি বলেন, বিশেষ করে সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর সন্তানদের উচ্চ শিক্ষার সুযোগ দিতে ব্যাংকগুলোর আরও যত্নবান হওয়া দরকার। উদ্বোধনী এ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের উপ-মহাব্যবস্থাপক এ এফ এম আসাদুজ্জামান, বিভিন্ন ব্যাংকের চেয়ারম্যান, নির্বাহি পরিচালক ও ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। হোটেল শেরাটনের উদ্যোগে আয়োজিত তিনদিনের এ মেলায় দেশের ২৬টি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান অংশ নিচ্ছে। (শীর্ষ নিউজ ডটকম/ এসএইচ/ সস/ ১২:৫৫ ঘ.) |