|
ঢাকা, ২৯ জুলাই (শীর্ষ নিউজ ডটকম): এলজিআরডি মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলামের সঙ্গে অনুষ্ঠিত বৈঠকে সংসদ সদস্যরা বাণিজ্য ও খাদ্যমন্ত্রীর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানিয়েছেন। পোশাক শিল্প শ্রমিকদের ন্যূনতম মজুরি ঘোষণার পর যাতে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি না হয় সে জন্য ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জের সংসদ সদস্যদের সঙ্গে মন্ত্রী আজ সচিবালয়ে তার দপ্তরে বৈঠক করেন। বৈঠকে অংশগ্রহণকারী সংসদ সদস্যগণ বাণিজ্যমন্ত্রী লে. কর্নেল (অব.)
ফারুক খান এবং খাদ্যমন্ত্রী ড. আব্দুর রাজ্জাকের ভূমিকায় ক্ষোভ ও অসন্তোষ প্রকাশ করেন। বৈঠকের সঙ্গে সংশ্লিষ্ট একটি নির্ভরযোগ্য সূত্র বলেছে, সংসদ সদস্যরা বাণিজ্যমন্ত্রীর বেশামাল কথাবার্তায় নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম বেড়ে যাওয়ায় উদ্বেগ প্রকাশ করেছেন। তারা বলেছেন, বাণিজ্যমন্ত্রী দ্রব্যমূল্য নিয়ে যতবার কথা বলেছেন ততবারই জিনিসপত্রের দাম বেড়েছে। অন্যদিকে রেশন কার্ড প্রদানের সিদ্ধান্ত বাস্তবায়নে খাদ্যমন্ত্রীর দীর্ঘসূত্রতা সরকারকে বিব্রতকর অবস্থায় ফেলেছে। বৈঠকে মিরপুর থেকে নির্বাচিত সাংসদ কামাল আহামেদ মজুমদার বাণিজ্যমন্ত্রীর ভূমিকার নিন্দা জানিয়ে বলেন, তিনি কি কারণে অপ্রাসঙ্গিক কথা বলেন তা আমাদের বোধগম্য নয়। তার ভূমিকায় সরকারের উপর নেতিবাচক প্রভাব পড়ছে। সরকারকে বারবার বিব্রতকর অবস্থায় পড়তে হয়েছে। নারায়ণগঞ্জের আড়াই হাজার থেকে নির্বাচিত সাংসদ নজরুল ইসলাম বাবু পণ্যমূলের ঊর্ধ্বগতিতে উদ্বেগ প্রকাশ করে বলেন, বাণিজ্য ও খাদ্যমন্ত্রীর নেতিবাচক ভূমিকার প্রভাব পড়েছে বাজারে। প্রতি কেজি চাল বিক্রি হচ্ছে ৪০ টাকা। এতে আমরা এলাকায় সাধারণ মানুষের কাছে মুখ দেখাতে পারিনা। মিরপুরের আরেক সাংসদ আসলামুল হক আসলাম বলেন, প্রত্যেক নির্বাচনী এলাকায় ১০ হাজার করে রেশন কার্ড বিতরণের কথা ছিল। চার মাস আগে নেয়া এ সিদ্ধান্ত বাস্তবায়নে ব্যর্থ হয়েছেন মন্ত্রী। তিনি বলেন, এ বৈঠকে খাদ্য ও বাণিজ্যমন্ত্রীকে উপস্থিত রেখে ব্যাখ্যা চাওয়ার প্রয়োজন ছিল। রেশন কার্ড এবং টিসিবির মাধ্যমে আমদানিকৃত পণ্য স্থানীয় সাংসদদের মাধ্যমে বিতরণের পরামর্শ দেন তিনি। গুলাশন থেকে নির্বাচিত সাংসদ এডভোকেট রহমতউল্লাহ বেসরকারি বিশ্ববিদ্যালয়ের টিউশন ফির উপর ভ্যাট আরোপের ফলে সৃষ্ট অপ্রীতিকর ঘটনার জন্য সংশ্লিষ্ট মন্ত্রীকে দায়ী করেন। তিনি বলেন, সংসদ সদস্যদের সঙ্গে আলোচনা না করে এ সিদ্ধান্ত গ্রহণ অদূরদর্শিতার শামিল। বৈঠকে এলজিআরডি মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম মজুরি কাঠামো ঘোষণার পর সম্ভাব্য অপ্রীতিকর পরিস্থিতি মোকাবেলায় সংসদ সদস্যদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন। এ সময় বৈঠকে আরো উপস্থিত ছিলেন এলজিআরডি প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক, গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আব্দুল মান্নান খান এবং রাশেদ খান মেনন এমপি। বৈঠক শেষে আশরাফুল ইসলাম সাংবাদিকদের বলেন, একটি মহল ন্যূনতম মজুরিকে কেন্দ্র করে পোশাক শিল্পে অস্থিরতা সৃষ্টি করতে চাচ্ছে। তাদের এ অপচেষ্টা যাতে সফল না হয় সে জন্য তিনি সংসদ সদস্যদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন। মন্ত্রী আরো বলেন, কিছু অসাধু ব্যবসায়ী রমজান এলেই জিনিসপত্রের দাম বাড়িয়ে দেয়। রমজানে যাতে দাম সহনীয় পর্যায়ে থাকে সেজন্য তিনি সংসদ সদস্যদের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন। (শীর্ষ নিউজ ডটকম/ আরএমএম/ বিএইচ/ এস/এসসি/ ১৬.৪২ঘ.) |