|
ঢাকা, ২৯ জুলাই (শীর্ষ নিউজ ডটকম): ঢাকা মহানগর ছাত্রলীগ উত্তর ও দক্ষিণের আংশিক কমিটি ঘোষণা করেছে কেন্দ্রীয় ছাত্রলীগ। কেন্দ্রীয় ছাত্রলীগের দফতর সম্পাদক নাসিম আল মোমিন রূপক শীর্ষ নিউজ ডটকমকে এ বিষয়টি নিশ্চিত করেছেন। ঢাকা মহানগর ছাত্রলীগের (উত্তর) সভাপতি হয়েছেন এসএম রবিউল ইসলাম সোহেল এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন আজিজুল হক রানা। সভাপতি রবিউল ইসলাম সোহেল বর্তমানে ক্যাপিটাল ল কলেজের ছাত্র।
জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স সম্পন্ন করার পর তিনি এখন আইন নিয়ে লেখাপড়া করছেন। অন্যদিকে সাধারণ সম্পাদক আজিজুল হক রানা ঢাকা কলেজে ব্যবস্থাপনা বিভাগে মাস্টার্সের ছাত্র। অপরদিকে, ঢাকা মহানগর ছাত্রলীগ (দক্ষিণ)-এর সভাপতি নির্বাচিত হয়েছেন আবু জর গিফারি কলেজের ছাত্র আনিসুর রহমান আনিস এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন সোহরাওয়ার্দী কলেজের ছাত্র আনিসুজ্জামান রানা। এছাড়াও এ কমিটিতে সহসভাপতি পদে এসএম আব্দুর রহিম, যুগ্মসাধারণ সম্পাদক পদে আরিফুর রহমান রাসেল ও সাংগঠনিক সম্পাদক পদে মাহাবুব আলম রাসেলের নাম ঘোষণা করা হয়েছে। পরবর্তীতে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে। উল্লেখ্য, গত ২৭ জুলাই ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে ঢাকা মহানগর ছাত্রলীগের সম্মেলন অনুষ্ঠিত হয়। কিন্তু সম্মেলনে কমিটি ঘোষণা করতে ব্যর্থ হয় কেন্দ্রীয় ছাত্রলীগ। (শীর্ষ নিউজ ডটকম/ডিডিকে/আরআর/১৮:১৮ ঘ.) |