|
ঢাকা, ২৯ জুলাই (শীর্ষ নিউজ ডটকম): বেগম ফজিলাতুন্নেসা মুজিবের নামে পদ্মা সেতুর নামকরণের সুপারিশ করেছে যোগাযোগ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। একই সাথে নির্মিতব্য এ সেতুতে রেলওয়ে সংযোজনের ব্যবস্থা রাখারও সুপারিশ করেছে তারা। সংসদ সচিবালয়ে আজ বৃহস্পতিবার কমিটির ১৩তম সভায় এসব সুপারিশ করা হয়। পরবর্তীতে এ প্রসঙ্গে সভাপতি শেখ মুজিবুর রহমানের কাছে জানতে চাওয়া হলে তার পক্ষে কমিটির
সদস্য অপু উকিল সাংবাদিকদের বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মতো বেগম ফজিলাতুন্নেসা মুজিবের অবদানও অস্বীকার করার উপায় নেই। একারণেই আমরা পদ্মা সেতুর নাম বেগম ফজিলাতুন্নেসা মুজিব সেতু করার প্রস্তাব দিয়েছি। তিনি এ প্রসঙ্গে আরো বলেন, শুধুমাত্র স্বাধীনতা বিরোধীগোষ্ঠীই এ নামের বিরোধিতা করতে পারে। এর আগে সাংবাদিকদের সাথে আলাপকালে কমিটির সভাপতি শেখ মুজিবুর রহমান জানান, আগামী ডিসেম্বরেই এ পদ্মা সেতুর নির্মাণ কাজ শুরু হবে। ইতিমধ্যেই এ কাজের জন্য আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ৬টি প্রতিষ্ঠানকে বাছাই করা হয়েছে। আগামী নভেম্বর মাসের মধ্যেই ৬টি প্রতিষ্ঠানের মধ্য থেকে এ সেতু নির্মাণকারী প্রতিষ্ঠান চূড়ান্ত করা হবে। এ সেতু নির্মাণে প্রয়োজনীয় অর্থও যোগাড় হয়েছে বলে জানান তিনি। শেখ মুজিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত আজকের এ বৈঠকে অংশগ্রহণ করেন কমিটির সদস্য মো. জিল্লুল হাকিম, নজরুল ইসলাম মঞ্জু, এইচএম গোলাম রেজা, ওমর ফারুক চৌধুরী, মোহাম্মদ একরামুল করিম চৌধুরী, মো. গোলাম মাওলা রনি ও অপু উকিল। এ সময় সড়ক ও রেলপথ বিভাগের সচিব মো. মোজাম্মেল হক খানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বৈঠকে বাংলাদেশ রেলওয়ের অবৈধ সম্পত্তি উদ্ধারের অগ্রগতি নিয়ে অসন্তোষ প্রকাশ করেন কমিটির সদস্যরা। এছাড়া আজ হাইওয়ে থেকে নছিমন ও করিমন চলাচল বন্ধের পাশাপাশি মহাসড়কের অপ্রয়োজনীয় স্পিড ব্রেকার সরানোর সুপারিশ করা হয়। (শীর্ষ নিউজ ডটকম/এসকে/এস/এসসি/১৭.২৩ঘ.) |