|
ঢাকা, ২৯ জুলাই (শীর্ষ নিউজ ডটকম): আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী বলেছেন, নিজেদের অন্তর্দ্বন্দ্বের কারণে বিএনপি চৌধুরী আলমকে খুন করেছে। যারা নিজেদের ক্ষমতা টিকিয়ে রাখতে নিজেদের দলীয় কর্মীদের হত্যা ও গুম করতে পারে তারা শেখ হাসিনাকে হত্যা করতে চাইবে এটাই স্বাভাবিক। আজ বৃহস্পতিবার বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ আয়োজিত বিএনপি কর্তৃক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনাকে
হত্যার হুমকির প্রতিবাদে বিক্ষোভ সমাবেশে তিনি এ কথা বলেন। প্রধান অতিথির বক্তব্যে তিনি আরো বলেন, বিএনপি শেখ হাসিনাকে হত্যা করে নিজেদের রাজনীতির পথ পরিষ্কার করতে চায়। কিন্তু বাংলার জনগণই শেখ হাসিনাকে রক্ষা করবে। যারা ভেবেছিল বঙ্গবন্ধুকে হত্যা করে পার পেয়ে যাবে তাদের বিচার হয়েছে। বর্তমানেও হত্যার রাজনীতি করে কেউ পার পাবে না। সুতরাং যুদ্ধাপরাধীরা পার পাবে এটা ভাবার কিছু নেই। বিএনপি নেতাদের শেখ হাসিনাকে হত্যার হুমকির মাধ্যমে এটা প্রমাণিত হয়েছে বঙ্গবন্ধু হত্যার সঙ্গে জিয়াউর রহমান সরাসরি জড়িত। এতদিন সবাই জানত জিয়া বঙ্গবন্ধু হত্যায় বেনিফিসিয়ারি ছিলেন। কিন্তু আজ তাদের বক্তব্যে বঙ্গবন্ধু হত্যার সঙ্গে জিয়াউর রহমানের সম্পৃক্ততার বিষয়টি পরিষ্কার হয়ে গেছে। মতিয়া চৌধুরী খালেদা জিয়ার উদ্দেশ্যে বলেন, যুদ্ধাপরাধীদের জন্য তো আপনার মন কাঁদবেই কারণ আপনার স্বামী তো তাদের প্রতিষ্ঠিত করেছে। গণমাধ্যম কর্মীদের তিনি বলেন, যুদ্ধাপরাধীদের বিচার খালেদা জিয়া চান কি না- ইয়েস ওর নো একটি উত্তর বের করে জাতির সামনে প্রকাশ করুন। বিশেষ অতিথির বক্তব্যে আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ সাত দিনের আলটিমেটাম দিয়ে বলেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরী শেখ হাসিনাকে হত্যার হুমকি দিয়ে যে বক্তব্য দিয়েছেন তা আগামী সাত দিনের মধ্যে প্রত্যাহার না করলে দাতভাঙা জবাব দেয়া হবে। ৭১ এবং ৭৫-এর এসব ঘাতকরা আবার গর্জে উঠতে চাচ্ছে। তিনি প্রশ্ন রেখে বলেন, পঞ্চম সংশোধনী অবৈধ ঘোষণা করে ৭২-এর সংবিধানে ফিরে যাওয়ার ব্যাপারে আদালত রায় দিয়েছে। সুতরাং এ রায় তাদের মানতে অসুবিধা কোথায়? স্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোল্লা মোহাম্মদ আবু কাওসারের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাসিম, স্বেচ্ছাসেবক লীগ সাধারণ সম্পাদক পংকজ দেবনাথ, ইলিয়াস আলী মোল্লা, স্বেচ্ছাসেবক লীগ সহসভাপতি আবদুল হান্নান প্রমুখ। (শীর্ষ নিউজ ডটকম/ডিকেডি/আরআর/২০:০৮ ঘ.) |