|
চেলসির বিয়েতে আমন্ত্রণ পাননি ওবামা |
|
ঢাকা, ২৯ জুলাই (শীর্ষ নিউজ ডেস্ক): যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটন ও বর্তমান পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন দম্পতির একমাত্র কন্যা চেলসির বিয়ে মার্কিন মুলুকে সবচেয়ে আলোচিত বিষয়। অথচ সেই বিয়ের অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়নি বর্তমান প্রেসিডেন্ট বারাক ওবামাকে। অবাক হওয়ার বিষয়ই বটে। তবে এ প্রসঙ্গে ওবামার প্রতিক্রিয়া খুব সাদামাটা। তিনি বলেছেন, বিল ও হিলারি সম্ভবত বিয়ের ব্যাপারটা চেলসি ও তাদের হবু জামাইয়ের মধ্যে সীমাবদ্ধ রাখতে চাচ্ছেন।
তাই আমাকে দাওয়াত করেননি। ওবামা কৌতুক করে বলেন, আপনারা নিশ্চয় একই বিয়ের অনুষ্ঠানে দুজন প্রেসিডেন্টকে দেখতে চান না। যেখানে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে অতিথিদের যেতে হবে। যেখানে সবাইকে মেটাল ডিটেক্টরের মুখোমুখি হতে হবে, সবার উপহার খুলে তল্লাশি করা হবে- এমনটা কারোরই কাম্য নয়। ক্লিনটন ও হিলারির পক্ষ থেকে ওবামাকে দাওয়াত না দেয়ার বিষয়টিও নিশ্চিত করা হয়েছে। তারা চাচ্ছেন চেলসির বিয়ে যতটা সম্ভব ঘরোয়া পরিবেশে হোক। হিলারি ক্লিনটন বলেন, মেয়ের বিয়ের ব্যাপারে কোনো তথ্য প্রকাশ না করার ব্যাপারে কঠোর নির্দেশনা দেয়া আছে। তবুও নাছোড়বান্দা সাংবাদিকরা কিছু তথ্য বের করেই ছেড়েছেন। জানা গেছে, ম্যানহাটনের ৯০ মাইল উত্তরে একটি ব্যক্তিগত এস্টেটে বিনিয়োগ-ব্যাংক মালিক বয়ফ্রেন্ড মার্ক মেজভিনস্কির (৩২) সাথে বিয়ের সব আয়োজন চেলসি (৩০) নিজেই করেছেন। ধারণা করা হচ্ছে ৩শ থেকে ৪শ অতিথি বিয়ের অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। (শীর্ষ নিউজ ডটকম/জেএ/আরআর/২৩:১৯ ঘ.) |