|
ঢাকা, ৩০ জুলাই (শীর্ষ নিউজ ডটকম): দেশের ১৯ পুরোনো জেলার মধ্যে বর্তমানে ৬টি সিটি কর্পোরেশন হিসেবে রয়েছে। বাকি ১৩ জেলা রয়েছে পৌরসভার অন্তর্ভুক্ত। আর এসব পৌরসভাকে সিটি কর্পোরেশনে উন্নীত করার চিন্তা-ভাবনা করছে সরকার। স্থানীয় সরকার মন্ত্রণালয় এ ব্যাপারে সম্ভাব্যতা যাচাই করছে বলে নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে। সূত্র শীর্ষ নিউজ ডটকমকে জানায়, পুরোনো ১৯ জেলার মধ্যে বর্তমানে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল ও সিলেট সিটি কর্পোরেশন।
আর এগুলো সবই বিভাগীয় শহর। সম্প্রতি রংপুর জেলাকে বিভাগে উন্নীত করা হয়েছে। বিভাগীয় শহর হওয়ায় রংপুর পৌরসভাও সিটি কর্পোরেশনে উন্নীত হওয়ার কথা রয়েছে। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের মতামত পাওয়া গেলে পুরোনো জেলার মধ্যে বাকি ১৩ জেলা সদর পৌরসভাকে সিটি কর্পোরেশনে উন্নীত করা হবে। ইতিমধ্যে মন্ত্রণালয়ের পক্ষ থেকে বিশেষজ্ঞরা বিষয়টি পরীক্ষা-নিরীক্ষা করে দেখছেন। স্থানীয় সরকার মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম পুরোনো এসব পৌরসভাকে সিটি কর্পোরেশনে উন্নীত করার ব্যাপারে সরকারের চিন্তা-ভাবনার কথা স্বীকার করেন। কুমিল্লা পৌরসভাকে সিটি কর্পোরেশন করার একটি প্রস্তাব স্থানীয় সরকার মন্ত্রণালয়ে দাখিল করা হয়েছে। কুমিল্লা পৌরসভা এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে এ প্রস্তাব দেয়া হয়। প্রস্তাবটি স্থানীয় সরকার মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলামের কাছে উপস্থাপন করা হলে তিনি কুমিল্লার পাশাপাশি পুরোনো ১৩টি জেলা সদর পৌরসভাকে সিটি কর্পোরেশনে উন্নীত করার সম্ভাব্যতা যাচাইয়ের জন্য মন্ত্রণালয়কে নির্দেশ দেন। জেলাগুলো হচ্ছে- ময়মনসিংহ, কুমিল্লা, ফরিদপুর, টাঙ্গাইল, জামালপুর, বগুড়া, দিনাজপুর, যশোর, কুষ্টিয়া, নোয়াখালী, পাবনা, পার্বত্য চট্টগ্রাম ও রংপুর। এদিকে, এসব পৌরসভাকে সিটি কর্পোরেশনে উন্নীত করার আগে জনগণকে কাঙ্ক্ষিত সেবা প্রদানের বিষয়টি নিশ্চিত করার কথা বলছেন স্থানীয় সরকার বিশেষজ্ঞরা। সেবার মান না বাড়লে সিটি কর্পোরেশন করে লাভ নেই বলে তারা মনে করেন। সুশাসনের জন্য নাগরিক (সুজন) সভাপতি অধ্যাপক মোজাফফর আহমেদ এ ব্যাপারে শীর্ষ নিউজ ডটকমকে বলেন, পৌরসভা বা সিটি কর্পোরেশন যে নামেই ডাকা হোক, জনগণকে সেবা প্রদানই হচ্ছে মূল বিষয়। তিনি বলেন, দেশের পৌরসভাগুলো যথার্থ সেবা দেয় কি না তা দেখেই পরবর্তী পদক্ষেপ নেয়া দরকার। স্থানীয় সরকার বিশেষজ্ঞ অধ্যাপক তোফায়েল আহমেদ বলেন, কাঠামোগত ব্যয় না বাড়িয়ে সেবা বাড়ানো দরকার। কাঠামো বড় হলে সেবা সংকুচিত হয়ে যেতে পারে। স্থানীয় সরকার মন্ত্রণালয় সূত্র জানায়, নতুন সিটি কর্পোরেশন প্রতিষ্ঠার ক্ষেত্রে বিদ্যমান পৌর এলাকার জনসংখ্যা, জনসংখ্যার ঘনত্ব, স্থানীয় আয়ের উৎস, এলাকার অর্থনৈতিক গুরুত্ব, অবকাঠামোগত সুবিধাদি ও সম্প্রসারণের সুযোগ, বিদ্যমান পৌরসভার বার্ষিক আয় এবং জনমত প্রভৃতি বিষয় খতিয়ে দেখা হবে। এসব মানদণ্ড পুরোপুরি পূরণ হলেই এসব পৌরসভাকে সিটি কর্পোরেশনে উন্নীত করা হবে। (শীর্ষ নিউজ ডটকম/বিএইচ/এনএম/এস/০০.০১ ঘ.) |