|
বিডিআর বিদ্রোহের নায়ক ডিএডি আ. রহিম মারা গেছে |
|
ঢাকা, ৩০ জুলাই (শীর্ষ নিউজ ডটকম): পিলখানা বিডিআর বিদ্রোহ ও হত্যাকাণ্ডের অন্যতম নায়ক ডিএডি (উপসহকারী পরিচালক) আব্দুর রহিম মারা গেছেন। বৃহস্পতিবার রাত দশটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ২০০৯ সালের ২৫ ফেব্রুয়ারি পিলখানা বিডিআর সদর দপ্তরে সংঘটিত বিদ্রোহের কয়েকদিন পর তিনি গ্রেফতার হন এবং কারাগারে বন্দি অবস্থায় ছিলেন। আব্দুর রহিম বিডিআর বিদ্রোহ, হত্যাকাণ্ড ও বিস্ফোরক
দ্রব্য আইনে দায়ের করা মামলার চার্জশিটভুক্ত আসামি। ঊর্ধ্বতন এক কারা কর্মকর্তা জানান, ডিএডি আব্দুর রহিম ঢাকা কেন্দ্রীয় কারাগারে বন্দি ছিলেন। বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। প্রথমে তাকে কারা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। রাত দশটার দিকে ঢাকা মেডিকেল কলেজের কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। ২৫ ফেব্রুয়ারি পিলখানা বিডিআর সদর দপ্তরে সংঘটিত বিদ্রোহ ও হত্যাকাণ্ডের অন্যতম নায়ক ডিএডি তৌহিদুল ইসলামের সাথে প্রধান সহযোগী হিসেবে বিদ্রোহের নেতৃত্ব দেন ডিএডি আব্দুর রহিম। বিদ্রোহের পর মার্চ মাসে তিনি আইন-শৃঙ্খলা বাহিনীর হাতে গ্রেফতার হন। এর পর তাকে কয়েক দফা রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করলে বিডিআর বিদ্রোহের নেপথ্যের কাহিনী ও মূল পরিকল্পনার চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে আসে। তার বিরুদ্ধে বিডিআর-এর নিজস্ব আইনে বিদ্রোহের বিচার চলছে। (শীর্ষ নিউজ ডটকম/এসআর/আরআর/০০:১৫ ঘ.) |