|
ফলোঅন ঠেকাতে ৮ রান দরকার পাকিস্তানের |
|
ঢাকা, ৩০ জুলাই (শীর্ষ নিউজ ডেস্ক): নটিংহাম টেস্টের ২য় দিনে সকালের ঠিক বিপরীত রূপটি দেখছে পাকিস্তান। ১ম ইনিংসে তারা চরম ব্যাটিং বিপর্যয়ের সম্মুখীন হয়েছে। অপর্যাপ্ত আলোর কারণে ২২ ওভার আগেই দিনের খেলা শেষ হওয়ার আগে তাদের সংগ্রহ দাঁড়ায় ৯ উইকেটে ১৪৭। অর্থাৎ ইংল্যান্ডের চেয়ে তারা এখনো ২০৭ রানে পিছিয়ে রয়েছে। ফলোঅন ঠেকাতে পাকিস্তানের দরকার আরো ৮ রান। এক পর্যায়ে ৪৭ রান তুলতেই তারা ৬টি উইকেট হারায়।
শোয়েব মালিক সর্বোচ্চ ৩৮ ও মোহাম্মদ আমের ২৫ রান করে কিছুটা প্রতিরোধ গড়ে তোলেন। উমর গুল ৩০ ও মোহাম্মদ আসিফ ০ রানে ক্রিজে রয়েছেন। জেমস অ্যান্ডারসন ৪৯ রানে ৫টি উইকেট নিয়ে পাকিস্তান শিবিরে ত্রাস ছড়ান। এছাড়া স্টিভেন ফিন নেন ৩টি উইকেট। এর আগে ডানহাতি ফাস্ট-মিডিয়াম বোলার মোহাম্মদ আসিফের বিধ্বংসী বোলিংয়ে ইংল্যান্ডের বড় স্কোর গড়ার স্বপ্ন ভেঙে গেছে। উদ্বোধনী দিনের ৪ উইকেটে ৩৩১ রান নিয়ে খেলতে নেমে ২য় দিনে ১৪.১ ওভারে মাত্র ২৩ রান যোগ করতেই বাকি ৬ উইকেট নেই! এর মধ্যে আসিফ একাই নেন ৪টি। সবমিলিয়ে ১ম ইনিংসে তিনি ৭৭ রানে ৫ উইকেট পেলেন। দিনের ৬ষ্ঠ ওভারে পল কলিংউডকে ব্যক্তিগত ৮২ রানে এলবিডাব্লিউ-র ফাঁদে ফেলেন আসিফ। তার ইনিংসে ১১ টি চারের মার ছিল। এর ফলে এওইন মর্গানের সাথে তার গড়া ২১৯ রানের জুটির সমাপ্তি ঘটে। এর কিছু পড়েই ব্যক্তিগত ১৩০ রানে ওই আসিফের বলে একইভাবে আউট হন মর্গান। মর্গান ১৯ চার ও ১ ছয়ে তার ইনিংসটি সাজান। তারপর বাকি ১০ রান যোগ করতেই নেই হয়ে যান ম্যাট প্রায়র, গ্রায়েম সোয়ান, জেমস অ্যান্ডারসন ও স্টুয়ার্ট ব্রড। প্রসঙ্গত, ৪ ম্যাচের টেস্ট সিরিজের বাকি ৩টি ম্যাচ আগামী ৬ আগস্ট বার্মংহাম, ১৩ আগস্ট ওভাল ও ১৮ আগস্ট লর্ডসে অনুষ্ঠিত হবে। (শীর্ষ নিউজ ডটকম/ এমএইচ/ এমএনএম/ ২২:২০ঘ.) |