|
সিলেট, ৩০ জুলাই (শীর্ষ নিউজ ডটকম): প্রশাসনকে দলীয় প্রভাবমুক্ত রাখার লক্ষ্যে সরকার কাজ করে যাচ্ছে, বলেছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক। তিনি বলেন, সরকার মানুষের ভাগ্য উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছে। কোনো ষড়যন্ত্রই সরকারের উন্নয়ন কর্মকাণ্ড থামিয়ে রাখতে পারবে না। বৃহস্পতিবার রাত ১২টায় শেরপুর, ওসমানীনগর আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগ আয়োজিত এক পথ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথাগুলো বলেন। সড়কপথে ঢাকা থেকে
সিলেট আসার পথে ওসমানীনগর থানার শেরপুরের পথসভায় বক্তব্য রাখেন প্রতিমন্ত্রী। তিনি বলেন, গত বিএনপি-জামায়াত জোট সরকার ও ১/১১ সরকার ৭ বছরে দেশকে ধ্বংসের পথে নিয়ে গেছে। আমাদের অর্থনীতির চাকাও এ সময়ে পেছন দিকে গেছে। সেই ধ্বংসের প্রান্ত থেকে দেশকে ফিরিয়ে আনতে কিছুটা সময় লাগবে। তবে, এ জন্য উন্নয়ন কর্মকাণ্ড থেমে থাকবে না। তিনি বলেন, অচিরেই ওসমানীনগরকে উপজেলায় রূপান্তর করা হবে। উপজেলার সবকটি রাস্তাঘাট নির্মাণ ও সংস্কার করা হবে। সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য শফিকুর রহমান চৌধুরী। সভায় স্থানীয় সরকার প্রতিমন্ত্রী আরো বলেন, বালাগঞ্জ, বিশ্বনাথ ও ওসমানীনগরের প্রতিটি গ্রামকে একটি বাড়ি, একটি খামার প্রকল্পের আওতায় আনা হবে। ওসমানীনগর থানা আওয়ামী লীগের সভাপতি কবির উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আফজাল মিয়ার পরিচালনায় এ পথসভায় বক্তব্য রাখেন সদর উপজেলা চেয়ারম্যান আশফাক আহমদ, একেএম গৌছুল আলম, মো. আনার মিয়া, আনোয়ারুজ্জামান চৌধুরী প্রমুখ। এর আগে প্রতিমন্ত্রী শেরপুরে পৌঁছালে তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। (শীর্ষ নিউজ ডটকম/এএস/আবি/০২:২৫ঘ.) |